নাড্ডার কনভয়ে হামলা, রাজ্যপালের কাছে রিপোর্ট তলব অমিত শাহের
দি নিউজ লায়ন ; বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডার গাড়িতে হামলার ঘটনায় উদ্বিগ্ন খোদ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং রাজনাথ সিং। কেন্দ্র বিষয়টি কড়া ভাবে দেখছে বলে ঘটনার পরেই জানান অমিত শাহ। জানা গিয়েছে, বিষয়টি নিয়ে রাজ্যপাল ধনকড়ের কাছে বিস্তারিত রিপোর্ট তলব করেছে কেন্দ্র। বিস্তারিত রিপোর্ট স্বরাষ্ট্রমন্ত্রকে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে রাজ্যপালকে। ঘটনার বিষয়ে জানতে বৃহস্পতিবার সন্ধ্যায় মুখ্যসচিব ও রাজ্য পুলিশের ডিজিকে রাজভবনে ডেকে পাঠান রাজ্যপাল জগদীপ ধনখড়। এদিকে বিজেপি সাংসদ এবং নেতারা বিস্তারিত রিপোর্ট-ভিডিও রাজ্যপালের কাছে জমা দেন বলে জানা গিয়েছে।
ঘটনার পর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ টুইটে লিখেছেন, ‘‘আজ, বাংলায় বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডাজি-র কনভয়ে আক্রমণ খুবই নিন্দনীয় একটি ঘটনা। বিষয়টি নিয়ে কোনও নিন্দাই যথেষ্ট নয়। কেন্দ্রীয় সরকার এই আক্রমণকে অত্যন্ত গুরুত্ব সহকারে নিচ্ছে। এই সংগঠিত হামলার জন্য পশ্চিমবঙ্গ সরকারকে রাজ্যের শান্তিকামী মানুষের কাছে জবাদহি করতে হবে।’’
নাড্ডার কনভয়ে হামলা নিয়ে সরব প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। টুইটে তিনি লিখেছেন, ‘‘গণতন্ত্রে রাজনৈতিক নেতাদের এভাবে টার্গেট করা খুবই উদ্বেগের বিষয়। পশ্চিমবঙ্গে আইনশৃঙ্খলার পরিস্থিতির ক্রমেই অবনতি হচ্ছে। এই ঘটনা তারই প্রমাণ। এই ঘটনার নিরপেক্ষ তদন্ত হওয়া প্রয়োজন’’।
অন্যদিকে, এই ঘটনায় বিজেপির সর্ব ভারতীয় সভাপতি জে পি নাড্ডা বলেন, মা দুর্গার কৃপায় এখানে পৌঁছতে পেরেছি। তৃণমূলের গুন্ডাবাহিনী প্রচেষ্টার কোনও ক্রটি রাখেনি। তিনি মনে করিয়ে দেন, খুব শীঘ্রই এই জঙ্গলরাজ শেষ হতে চলেছে। একের পর গাড়ির কাচ ভাঙা হয়েছে। এই গুন্ডারাজ শেষ করতে হবে। গণতন্ত্রের মাধ্যমে এই গুন্ডারাজ শেষ করবে বিজেপি।

Post a Comment